কসবায় দি কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা নিয়ে মিথ্যাচার ও উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবায় দি কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা নিয়ে মিথ্যা অভিযোগ তুলে সমিতির উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ।

সমিতির সভাপতি জহিরুল হক বলেন, জেলা ও উপজেলা সমবায় অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিংয়ের মাধ্যমে সদস্যদের জানিয়ে বিধি মোতাবেক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৭৭৫ জন সদস্য উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

জহিরুল হকের অভিযোগ, উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে কিছু সাধারণ সদস্যকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি। এরপরও কয়েকজন সদস্য সভার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের পেছনে উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদের সহযোগিতা রয়েছে বলেও দাবি করেন তিনি।

সমিতির আর্থিক অবস্থার কথা তুলে ধরে সভাপতি বলেন, ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার সময় আগের সভাপতি তাঁর কাছে নগদ মাত্র ২ হাজার ৬০০ টাকা বুঝিয়ে দেন। অথচ তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই বছরে তাঁর হিসাবে ৭৫ লাখ টাকা নগদ জমা হয়েছে। সমিতির উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল তৎপর রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদের বিরুদ্ধে ঘুষ ছাড়া সহযোগিতা না করার অভিযোগ তোলেন জহিরুল হক।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের আদেশ, বার্ষিক সাধারণ সভার বৈধতা এবং উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.