কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ভজন শংকর আচার্য্য, কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাবেক পৌর সভাপতি আলী আশ্রাফ, বশির চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি শামমিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়। এ ছাড়া অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে সরিষা চাষে আগ্রহ বাড়বে। একই সঙ্গে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কসবা উপজেলার ২ হাজার ৪০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কাক্সিক্ষত ফলন পেতে কৃষকদের সময়মতো বীজ বপন, সঠিক পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন কৃষকদের আয় বাড়ানো সম্ভব, অন্যদিকে দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।

কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পেয়ে স্থানীয় কৃষকদের মধ্যে সরিষা চাষ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply

Your email address will not be published.