অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন, গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে: ড. ইউনূস

প্রশান্তি ডেক্স॥ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের ব্যাংক। এই ব্যাংককে রক্ষা করতে হবে। গত সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের ওপর হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। তাঁদের ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে এসে মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করেছে। পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং জীবনের নানা প্রয়োজন মেটাতে ব্যাংকটি তাঁদের কাছে অপরিহার্য অবলম্বন। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে ছড়ানো প্রচারণার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

ড. ইউনূস জানান, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘœ রাখতে এই নিরাপত্তা প্রয়োজন।

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও এসব হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের ওপর হামলাকে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপর আঘাত বলে উল্লেখ করেন।

বিবৃতির শেষাংশে ড. ইউনূস বলেন, যারা এই কাজের মূল্য বোঝেন, তাদের সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.