কসবায় ইয়াবা ও গাঁজাসহ ৩ কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মোট তিনজন মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৩০ মার্চ) দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় আনুমানিক ৬টা ১৫ মিনিটে কসবা থানার এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকায়, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের পশ্চিম পাশে কসবা-নয়নপুর সড়ক থেকে আঃ আলীম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিনে বিকাল সাড়ে ৩টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামে আরেকটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এএসআই হেলাল উদ্দিন, এএসআই মোহাম্মদ কামরুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে কৈখলা- তাহের ফকিরের মাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাশে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ তালিকার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published.