কসবায় ৩ মাদক কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জন পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়া এলাকায় কসবা-সৈয়দাবাদ সড়কের ওপর থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মনির হোসেন ওরফে কালা মনির (৪০), মোঃ ফয়সাল মিয়া (২২), মোঃ শান্ত মিয়া (২৩)। তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় মোট আসামি ৫ জন। এর মধ্যে ৩ জন গ্রেফতার হলেও সাইমন (২৬) ও লিপন (২৫) নামে আরও দুইজন পলাতক রয়েছে। তারা কসবা পৌরসভার কালিকাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.