হরমুজ প্রণালিতে ইরান প্রথমবারের মতো টোল আদায় করল

প্রশান্তি ডেক্স ॥ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে প্রথমবারের মতো টোল আদায় শুরু করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ আইনপ্রণেতার বরাতে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টের প্রেসিডিয়াম বোর্ডের এক সদস্য তাসনিমকে জানিয়েছেন, তিনি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জেনেছেন যে ইরান এখন চলাচলকারী জাহাজগুলোর ওপর মাশুল আরোপ করেছে। জাহাজ ভেদে, কার্গোর পরিমাণ এবং সংশ্লিষ্ট ঝুঁকির ওপর ভিত্তি করে এই ফি ভিন্ন হয়ে থাকে। ইরান নিজেই এই ফি মূল্যায়ন ও সংগ্রহের নিয়ম নির্ধারণ করেছে।

তিনি দাবি করেছেন, এই মাশুল থেকে সংগৃহীত অর্থ বর্তমানে সমন্বিত সরকারি কোষাগারের হিসাবে জমা করা হচ্ছে। আলাদা এক প্রতিবেদনে পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই জানিয়েছেন, হরমুজ প্রণালির টোল থেকে পাওয়া প্রথম রাজস্ব দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে তেহরান। ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নৌ-অবরোধও আরোপ করেছিল।

সূত্র: সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published.