কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কসবা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ভেঙে পড়েছে। এতে কসবা ও আখাউড়া উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকায় একটি সেতুর নির্মাণকাজ চলছিল। নির্মাণকালীন সময়ে যান চলাচল সচল রাখতে পাশেই একটি অস্থায়ী ডাইভারশন সড়ক তৈরি করা হয়। তবে গত বৃহস্পতিবার গভীর রাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে ওই ডাইভারশনটি ভেঙে যায়। এর ফলে গত শুক্রবার (১ মে) সন্ধ্যায় থেকে কসবা-আখাউড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে কসবা থেকে আখাউড়া বা আখাউড়া থেকে কসবায় যেতে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও খরচ—দুটোই বেড়ে গেছে, বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে সড়কটি ভেঙে যাওয়ায় জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াত সম্ভব হচ্ছে না। অসুস্থ রোগী পরিবহনসহ নিত্যদিনের নানা কাজে সৃষ্টি হয়েছে মারাত্মক প্রতিবন্ধকতা।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, “পাহাড়ি ঢলে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। দ্রুত সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা নেয়া হবে, যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়।”
এদিকে স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলমান সেতুর কাজ দ্রুত শেষ না হওয়ায় এমন দুর্ভোগ আরও বাড়ছে।
প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী, যাতে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করা যায়।