ওমানে একসঙ্গে ৪ ভাইয়ের মৃত্যুর কারণ ছিল বিয়ের কেনাকাটা

প্রশান্তি ডেক্স ॥ বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানের আল মিলিদ্দা আল মোছানা‎ স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (১২ মে) বিকালে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এ ঘটনা ঘটে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

নিহত ৪ ভাই হলেন- মো. রাশেদ, মো. শাহেদ,  মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে। ঘরে তাদের বৃদ্ধা মা ও বড় দুই ভাইয়ের স্ত্রী-সন্তান রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মতিন জানান, ছোট দুই ভাই শহীদ ও সিরাজ ১৫ মে রাতের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার পর তাদের বিয়ের প্রস্তুতি ছিল। এ কারণে বড় দুই ভাইকে নিয়ে মার্কেটে বিয়ের কেনাকাটা করতে যান। পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়।

লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের একদিন পর দেশে ফেরার কথা ছিল। এখন চার ভাই মারা গেছেন। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চালানো হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। ছোট দুই ভাই একসঙ্গে দেশে ফেরার আনন্দ নিয়ে শপিং করতে বের হন।

Leave a Reply

Your email address will not be published.