বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রশান্তি ডেক্স ॥ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বিজিবি ও হাতিবান্ধা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নিজেদের মতো নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬-এসের প্রায় ১৫০ গজ ভারতের ভেতরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ৭৮ বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা তদন্ত করে জানতে চেয়েছে।

অপরদিকে বিজিবি-বিএসএফের কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published.