কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বজ্রপাতে মোঃ ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হলে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়ে ফুটবল মাঠেই লুটিয়ে পড়ে।
ফাহাদের সহপাঠীরা চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফাহাদ উপজেলার বিনাউটি গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুকের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।