কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২১ মে ২০২৬) কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম আদালতকে আরও গতিশীল ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা সমন্বয়কারী মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তানজিল কবির, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।
কর্মশালায় প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও সুবিধা তুলে ধরা হয়। এ সময় ফেব্রুয়ারি ২০২৪ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত কসবা উপজেলার গ্রাম আদালতে দায়ের ও নিষ্পত্তিকৃত মামলার সামগ্রিক পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও ব্যয় সাশ্রয়ী বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা, দ্রুত মামলা নিষ্পত্তি, সময় ও ব্যয় সাশ্রয়সহ এর বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা জোরদার এবং সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও এনজিওসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় বক্তারা গ্রাম আদালতকে তৃণমূল পর্যায়ে সহজলভ্য ও কার্যকর বিরোধ নিষ্পত্তির অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করে জনগণের আস্থা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।