কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ঘোষিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কসবা উপজেলার কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে ফলজ বনজ ঔষধিগাছ লাগিয়ে উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নার্সারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বেসরকারি নার্সারি থেকেও মানসম্মত চারা সংগ্রহ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী দেশের খাসজমি, চরাঞ্চল, নদীর তীর, সড়ক ও মহাসড়কের উভয় পাশ, বনাঞ্চলের বৃক্ষহীন এলাকা এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আঙ্গিনায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করতে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, যুব সাধারণ সম্পাদক খুরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ সমাধিস্থল এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।