কসবায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুর

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল সাতপাড়া গ্রামে পূর্ব শত্রুতা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ ৮ টি পরিবারের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত সোমবার (১ জুন) বিকেলে দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলার শিকার পরিবারগুলোর মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, কৃষক নাজির মিয়া, জাকির মিয়া, জানু মিয়া, গিয়াস উদ্দিন ও লিটন মিয়াসহ মোট সাতটি পরিবারের সদস্য। হামলাকারীরা তাদের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং নগদ অর্থ ও মালামাল লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমার ঘরবাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামটিতে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তাদের অভিযোগ, জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার রাজনীতি করার কারণে তাদের পরিবারগুলোকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। তারা আরও অভিযোগ করেন, একই গ্রামের প্রতিপক্ষের লোকজন এ হামলার সঙ্গে জড়িত। হামলাকারীরা প্রভাবশালী রাজনৈতিক নেতা ও প্রশাসনের নাম ব্যবহার করে এ ধরনের কর্মকান্ড ঘটিয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।

Leave a Reply

Your email address will not be published.