‘সান মারিনোয় এক অবিশ্বাস্য রাত কাটালো বাংলাদেশ’

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ফিফা প্রীতি ম্যাচে এই প্রথমবার ইউরোপের মাঠে ইউরোপের দল সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন তপু বর্মণ। এরই সঙ্গে কোচ থমাস ডুলিরও অভিষেক হলো জয় দিয়ে। ম্যাচ শেষে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৬৫ বছর বয়সী কোচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডুলি লিখেছেন, ‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটল! বাংলাদেশের জন্য ২–১ গোলের এক দারুণ জয়, আর পুরো ম্যাচ জুড়েই ছিল লড়াই, বিশ্বাস ও হৃদয়ের সর্বোচ্চ উজাড় করে দেওয়া এক পারফরম্যান্স।’

সান মারিনোর মাঠ ছিল আজ বাংলাদেশি দর্শকে ঠাসা। পুরো সময়জুড়ে তারা লাল-সবুজ দলকে মাতিয়ে রাখেন। তাদেরও ধন্যবাদ জানিয়েছেন ডুরি। তিনি লিখেছেন, ‘আপনাদের শক্তি ছিল সত্যিই অবিশ্বাস্য। প্রথম মিনিট থেকে শুরু করে শেষ বাঁশি বাজা পর্যন্ত আপনাদের আওয়াজ, আবেগ আর অবিরাম সমর্থন আমাদের দলকে এক বাড়তি শক্তি জুগিয়েছে। কঠিন মুহূর্তগুলোতে আপনারা আমাদের লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছেন।’

কোচ আরও লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আপনারা আমাদের সামনে এগিয়ে নিয়েছেন। আর শেষ পর্যন্ত, এই জয় আমাদের সবার। খেলোয়াড়রা পুরো ৯০ মিনিট জুড়ে আপনাদের সেই সমর্থন টের পেয়েছে, যা মাঠের খেলায় এক বিশাল পার্থক্য গড়ে দিয়েছে। আপনাদের এই গভীর আবেগের জন্য ধন্যবাদ। আপনাদের এই বিশ্বাসের জন্য ধন্যবাদ।’

বাংলাদেশ ফুটবলের পাশে এভাবে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে জার্মান বংশোদ্ভূত এই মার্কিন কোচ লিখেছেন, ‘একসঙ্গে মিলে আমরা এভাবেই অসম্ভবকে সম্ভব করে যাবো।’

Leave a Reply

Your email address will not be published.