শ্রমবাজার নিয়ে চুক্তি রিভিউ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া

প্রশান্তি ডেক্স॥ ২০২১ সালে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সই করা শ্রম সহযোগিতা নিয়ে সমঝোতা চুক্তিটি রিভিউ করে নতুন একটি খসড়া তৈরিতে সম্মত হয়েছে দুই দেশ। গত সোমবার (২১ জুন) মালয়েশিয়ার পুত্রজোয়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক যৌথ বিবৃতিতে একথা জানান হয়।

এতে বলা হয়, বৈঠকে দুই দেশের নেতারা মানুষে মানুষে যোগাযোগের গুরুত্বকে স্বীকৃতি দেন এবং মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানকে স্বাগত জানান। তারা আরও উল্লেখ করেন যে, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিময় এবং অভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড জোরদারে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ভূমিকা পালন করে।

শ্রমিক নিয়োগের বিষয়ে বাংলাদেশের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে মালয়েশিয়া বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, উভয় দেশই অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু, বৈষম্যহীন এবং প্রতিযোগিতামূলক করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অব্যাহত নিরাপদ ও পারস্পরিক সুবিধাজনক অভিবাসন নিশ্চিত করতে উভয় দেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে সম্মত হয়েছে। বৈঠকে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) মূল্যায়ন এবং উভয় দেশের বর্তমান চাহিদা পূরণের জন্য একটি নতুন, আপডেট করা সমঝোতা স্মারকের খসড়া তৈরির ভিত্তি তৈরির ওপর জোর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.