কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (৬ জুলাই) সকাল দশটায় নানা আয়োজনের মধ্য দিয়ে কসবা উপজেলায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কসবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি কসবার সহ-সভাপতি তৈবুর রহমান জীবন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপকারভোগীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, উন্নত, আত্মনির্ভরশীল ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিআরডিবির উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির দুটি করে গাছের চারা বিতরণ করা হয়।