প্রশাান্তি ডেক্স ॥ বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সকল এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আকুতি। বন্যার করাল গ্রাসে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের চকরিয়া, মাতারবাড়ি, পেকুয়া, রামু, উখিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ অঞ্চল আজ বিপর্যস্ত। হাজার হাজার পরিবার বানের পানিতে অবরুদ্ধ হয়ে খোলা আকাশের নিচে বা আশ্রয়কেন্দ্রে মানবেতর দিন কাটাচ্ছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল ও জীবিকা। বিপুলসংখ্যক মানুষ আজ খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসার অভাবে তীব্র সংকটে।

এই চরম দুর্যোগে আমরা সকল স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও, দাতা সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে জরুরি খাদ্য, পানি, ওষুধ ও শিশু খাদ্য পৌঁছে দিতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করুন।
প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কান্নার পেছনে রয়েছে বেঁচে থাকার নির্মম সংগ্রাম। মানবতার এই কঠিন সময়ে আপনাদের একটি দ্রুত ও কার্যকর পদক্ষেপ বিপন্ন হাজারো মানুষের জীবন রক্ষা করতে পারে, ফিরিয়ে দিতে পারে বেঁচে থাকার আশা।
আসুন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সবাই একসাথে হাত মেলাই। কোনো একটি পরিবারও যেন আজ সহায়তার অভাবে পিছিয়ে না পড়ে।