কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, স্পিল ওয়ের গেট খুলতে প্রস্তুতি

প্রশান্তি ডেক্স॥ টানা বর্ষণ ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট (এমএসএল)। তবে জলাধারের উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে পানির উচ্চতা বাড়ছে। এ পরিস্থিতিতে উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হতে পারে। এতে প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও পানিপ্রবাহ (ইনফ্লো) সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে স্পিলওয়ের গেট খোলার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হতে পারে। একইভাবে ইনফ্লো বেড়ে গেলে ধাপে ধাপে গেট আরও খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, বর্তমানে পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এর মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। তবে হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুট (এমএসএল) স্পর্শ করলে আরও বেশি পরিমাণে পানি ছাড়ার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.