কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার পৌর শহরের কল্যাণ সাগরের পূর্ব পাশ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে চিপস ও জুসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার কল্যান সাগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিশোরের নাম শাহাদাত হোসেন (১৪)। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাটুলীপাড়া গ্রামের রিক্সা চালক মজনু মিয়ার ছেলে। এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা-মা পেশায় রাজমিস্ত্রী। তারা প্রতিদিনের মতো সেদিনও কাজে গিয়েছিলেন। সকাল আনুমানিক ১১টার দিকে শাহাদাত চিপস ও জুস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে ধর্ষণ করে। পরে এলাকাবাসীর মধ্যে ঘটনাটি জানা জানি হলে উৎসুক জনতা তাকে ধরে পিটিয়ে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কসবা থানায় একটি লিখিত এজাহার দাখিল করলে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলাটি নথিভুক্ত করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গত শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে একটি কল আসে যে, কসবায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। খবর পাওয়া মাত্রই কসবা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম শিশুকে উদ্ধার করে শিশুটি কে প্রাথমিক চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা অভিযুক্তকে আটকে রেখেছিল। পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই কিশোরকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী মামলাটির আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।