গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে শিবিরের বিক্ষোভ মিছিল

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে কোনো ধরনের আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতারা। গত শুক্রবার (৩১ জুলাই) জুম্মার নামাজ শেষে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদ ও আর্টগ্যালারি প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা। শহর শাখা শিবিরের সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে সংগঠনের জেলা ও শহর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

জুম্মার নামাজ শেষে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্খা ও জনগণের গণভোটের স্পষ্ট রায় বাস্তবায়নে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না। জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published.