কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে গত শনিবার (১ আগস্ট) সকাল ১১ টায় কসবা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কসবা উপজেলা ও কসবা পৌরসভা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কসবা সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কসবা তোফাজ্জল আলী কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
কসবার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন কসবা পৌর জামায়াতের আমির হারুন অর রশিদ, উপজেলা নায়েবে আমির পীরজাদা মাওলানা শিউলি নোমানী, উপজেলা সেক্রেটারি মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুল আমিন, পৌর সেক্রেটারি মাওলানা মো. গোলাম সারোয়ারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তারা বলেন, সাম্প্রতিক গণমিছিলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জুলাইয়ের চেতনা এখনও জনগণের হৃদয়ে অটুট রয়েছে।
সমাবেশে বক্তারা দেশের ন্যায়বিচার, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।