ভজন শংকর আচার্য্য-কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয় এবং উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল।
মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল খালেক।
এ সময় বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এ এস এম ইকবাল, পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান ও শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হানি। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য সাক্ষরতার হার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরক্ষরতা দূরীকরণে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে প্রাপ্তবয়স্ক শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে বক্তারা সাক্ষরতা কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।