ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ দৈনিক মানবজমিনের ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা প্রতিনিধি সজল আহাম্মদ খানের দাফন সম্পন্ন করা হয়েছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ আছর আখাউড়া পৌরশহরের দেবগ্রাম দক্ষিণ পাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ মাঠে জানাজা শেষে খাঁন বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে গত বুধবার ভোরে দেবগ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সজল আহাম্মদ খান কিছু দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
সজল আহাম্মদ খানা সাংবাদিকতা ছাড়াও একজন সার্ভেয়ার আমিন ও দলিল লিখক ছিলেন। মরহুমের স্ত্রী রোকসানা ইয়াসমিন কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। সাংবাদিক সজল আহাম্মদ খানের মৃত্যুতে সাংবাদিক সমাজসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের জানাজায় আত্মীয়স্বজন, বন্ধু শোভাকাঙ্খী, সাংবাদিকসহ মুসল্লীরা অংশ নেয়। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান, মরহুমের বড় ভাই সাবেক ব্যাংক কর্মকর্তা মো. ইকবাল আহাম্মদ খান, সাবেক পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল মিয়া ও মরহুমের ছোট ভাই সহ: অধ্যাপক জাবেদ আহাম্মদ খান প্রমুখ। বক্তারা সজল আহাম্মদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, সজল আহাম্মদ খান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সজল আহাম্মদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কসবা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোলেমান খান, কসবা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন টিটু, কসবা প্রেস ক্লাবের সদস্য ভজন শংকর আচার্য্য এক শোক বার্তায় তারা সজল আহাম্মদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।