কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে মরহুম আলহাজ্ব ক্যাপ্টেন আব্দুর রউফ সাহেবের স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আকছিনা গ্রামের কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মানিকের বাড়িতে এ ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ড হলাজ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ চিকিৎসা সেবায় বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ ছোট-বড় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি চোখের ছানি অপারেশন, লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ঔষুধ ও চশমা প্রদান করা হয়। যেসব রোগীর অপারেশনের প্রয়োজন, তাদের জন্য কুমিল্লায় যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া রোগীদের বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন, থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবায় প্রায় দুই শতাধিকেরও বেশি রোগী চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
ফ্রি চক্ষু চিকিৎসা সেবার সার্বিক সহযোগিতায় ছিলেন কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মানিক। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করবেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় সাধারণ রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও প্রয়োজনীয় সহায়তার এ উদ্যোগ অত্যন্ত উপকারী। এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে এলাকার আরও অনেক মানুষ উপকৃত হবেন।