অধ্যাপক শেখ কামাল উদ্দিন ॥ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম স্বালাত কায়েম করা। যুবকদের চরম বিপর্যয় নেমে আসা বর্তমান সমাজে সুস্থ ধারার সমাজ বিনির্মানে কিশোরদের নীতি-নৈতিকতা শিক্ষা দেয়া প্রতিটি পরিবার কিংবা এলাকার সমাজপতিদের দায়িত্ব। এসব চিন্তাভাবনায় মইনপুর উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ কোমলমতি শিশু-কিশোরদের মসজিদমুখি করার লক্ষ্যে ১ম তাকবীরের সাথে শরীক হয়ে জামায়াতে স্বলাত আদায়সহ কিছু নিয়ম প্রচলন করেন। এরই অংশ হিসেবে ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী শতাধিক কিশোরের মাঝে সাইকেলসহ বিভিন্ন উপহার প্রদান হয়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে পূর্ব ঘোষিত নিয়ম মেনে ১০০ জন সফলকামী কিশোর ও যুবকদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মইনপুর উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট মো: আনিসুর রহমান’র পরামর্শে ৪০ দিনব্যাপি জামায়াতে নামাজ আদায় ” নূর-এ-সালাত” প্রোগ্রামটি হাতে নেয়া হয়। আয়োজকরা কঠোর পরিশ্রম করে এরকম একটি ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করেন। এতে এলাকায় ব্যাপক সাড়া জাগে।
গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শুরু হয়ে রাত পর্যন্ত একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার বিতরণ করা হয়। মইনপুর উন্নয়ন ফোরামের রূপকার, অক্টালিংক গ্রুপ’র স্বত্বাধিকারী ও বিজিবিএ এর ডিরেক্টর মো: কামরুল হাসান রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সভাপতি, আড়াইবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম।
একাধারে ৪০দিন ফজর থেকে এশা পর্যন্ত জামায়াতে নামাজ আদায়কারী ৪৬ বিজয়ীকে নতুন বাইসাইকেল ও সনদপত্র প্রদান করা হয়। যারা বিজয়ী হতে পারেনি তাদেরকে শান্তনা পুরষ্কার হিসেবে দৃষ্টিনন্দিত ডিনার সেট প্রদান করা হয়।
এছাড়াও ইসলামী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। তন্মধ্যে ১ম স্থান অর্জনকারীকে নগদ ১০০০০/- টাকা, ২য় স্থান অর্জনকারীকে ৫০০০/-, ৩য় স্থান অর্জনকারীকে ৩০০০/-টাকা উপহার দেয়া হয়। অবশিষ্ট ০৭ জনকে ১৫০০/-টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল বারী সেন্টু, পিক্সেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বারাকাত উল্লাহ গাজী, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন, কায়েমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আমজাদ হোসাইন সরকার, মোহাম্মদ মুসলেহ উদ্দিন সরকার, মইনপুর উন্নয়ন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, সাধারণ সম্পাদক আক্তার হুসাইন, আবুল হাসান মেম্বার, মনির হুসাইন, ওবায়দুল হক সোহেল মিয়া, আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠান শেষে সকল দাতা সদস্য, অংশগ্রহণকারী, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী পীর সাহেব।