রাজধানীতে সবজির বাজারে হাহাকার : ‘দিন যাচ্ছে আর দাম বাড়ছে, হিসাব মেলানোই এখন কষ্ট’

প্রশান্তি ডেক্স॥ শীতের আগমনী বার্তা মিললেও রাজধানীর বাজারে এর কোনও প্রভাব পড়েনি সবজির দামে। অধিকাংশ সবজি ৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে নতুন করে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। মাছ-মাংসের দামও রয়েছে চড়া। ফলে বাড়তি বাজার খরচে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

সবজির বাজার : বাজারে প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, গাজর ১২০ থেকে ১৩০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০, শিম ২০০ টাকা, দেশি শসা ৮০-৯০ টাকা, করলা ১০০ টাকা, কাকরোল ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৮০ টাকা,  চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা। প্রতি পিছ লাউ ৬০ থেকে ৭০ টাকা করে বিক্রি হচ্ছে।

শীতের আগমনী উপলক্ষে বাজারের এসেছে জলপাই এতেও স্বস্তি নেই। বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। কাচা মরিচে ১৪০ থেকে ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীয়ত উল্লাহ বলেন, ‘কী বলবো ভাই, দিন যাচ্ছে আর সব সবজি, মাছ মাংসের দাম বাড়ছে। এখন প্রতি মাসের হিসাব মেলানো কষ্ট হয়ে যাচ্ছে। আগে শুধু টিউশনি করিয়ে সব সামলে নিতাম কিন্তু এখন বাড়ি থেকেও টাকা আনা লাগে। এইভাবে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে।’ 

সবজি বিক্রেতা আকাশ রহমান বলেন, ‘কী বলবো মামা, আমরা তো চাই কম দামে সবকিছু বিক্রি করতে, আমাদেরও তো বাঁচা লাগবে। যেভাবে কিনি সেভাবেই বিক্রি করি। সবকিছুর দাম বাড়তি। সামনে শীত আসছে হয়তো একটু কমতে পারে সবকিছুর দাম।’ 

মুরগি আগের দামেই, ডিমের দাম ১০ টাকা বাড়তি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ৩১০ থেকে ৩৩০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১২৫০ টাকা কেজি।

প্রতি ডজন মুরগির লাল ডিম ১৬০ টাকা এবং সাদা ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দামে বেড়েছে ডজনে ১০ টাকা। প্রতি হালি নিলে গুনতে হচ্ছে ৫৫ টাকা।

ডিম বিক্রেতা আদনান মিয়া বলেন, ‘আমরা জানি না ডিমের দাম কেন বেশি। বেশি দামে কিনি, বেশি দামেই বিক্রি করি। সবকিছুর দাম বাড়ছে তাই হয়তো ডিমের দাম বাড়ছে।’

মাছেও স্বস্তি নেই : এছাড়া বাজারে আকার ও ওজন অনুযায়ী, ইলিশ ১২০০-২৭০০ টাকা, রুই মাছ ৪০০- ৬০০ টাকা, কাতল মাছ ৩৫০-৬৫০ টাকা, চিংড়ি মাছ ৮০০-১৮০০টাকা, কাঁচকি মাছ ৫০০ টাকা, কৈ মাছ ২৬০ টাকা, পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, শিং মাছ ৪০০-১২০০টাকা, টেংরা মাছ ৬০০-৮০০ টাকা, পাঙ্গাস মাছ ২২০ -২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ কিনতে আসা শেখ রাসেল বলেন, ‘আগে ব্যাগ ভরে মাছ কিনতাম, এখন মাছ কিনতে গেলে হিসেব করে কেনা লাগে। শুধু মাছই নয় সবকিছুর দাম বাড়তি। এখন হিসেব করে বাজার কারতে হায়। কিন্তু আগে কোনও হিসাব ছাড়াই বাজার করতাম।’

Leave a Reply

Your email address will not be published.