কসবায় ইজিপিপি বরাদ্দ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত ৫

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বরাদ্দ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গত বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বিনাউটি ইউনিয়নে ইজিপিপির ১০০ দিনের কর্মসূচিতে ১২৫ জন শ্রমিক কাজ করবেন। প্রকল্পটি তদারকিতে থাকবেন সাতজন সুপারভাইজার।

প্রকল্পের বরাদ্দ নিয়ে আলোচনা করতে গত বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদে যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিনাউটি উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। আলোচনা শেষে পরিষদের বাইরে বের হলে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

এ সময় এক যুবক মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। তাকে ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। পরে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

মো. কামাল উদ্দিনের অভিযোগ, পরিষদে ইজিপিপি প্রকল্প নিয়ে আলোচনা শেষে বের হওয়ার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের ভাগ্নে উজ্জল লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

তবে অভিযোগ অস্বীকার করে শরীফুল হক স্বপন বলেন, উন্নয়ন কমিটির নামে কিছু কমিটি করা হয়েছে, যারা বিভিন্ন সময়ে পরিষদের কার্যক্রম ও বরাদ্দে হস্তক্ষেপ করেন। গত বুধবারও ইজিপিপি প্রকল্পের বরাদ্দ নিয়ে পরিষদের বাইরে ঝগড়া হয়। হাতাহাতির ভিডিও ধারণ করায় এক যুবককে আক্রমণ করা হলে পরে স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.