ব্রাজিলে ভোটে হেরে ইউএসএ পরিবারসহ পাড়ি জমালেন বলসোনারো

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ব্রাজিলের লিবারেল পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারো প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে পরাজিত হওয়ার পর কথা বলছেন। ছবি: রয়টার্স

গত রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন ব্রাজিলের সিনেটর ফ্লাভিও বলসোনারো। গত মঙ্গলবার বিকেলে তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাকে ও তার পরিবারকে প্রবেশের ভিসা দেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় এখনও মেনে নেননি বলসোনারো। তিনি দেশ ছাড়েন পাসপোর্ট জমা দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে। মানি লন্ডারিংয়ের একটি তদন্ত-সংক্রান্ত এ রায়ের বিষয়ে তিনি কোনও অন্যায়ের কথা অস্বীকার করেছেন।

ফ্লাভিও, তার স্ত্রী ও দুই মেয়ে এখন কোথায় আছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফ্লাভিও ফ্লোরিডায় নেমেছেন, তবে কোথায়, তা বলতে চায়নি সূত্রটি। স্টেট ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, স্টেট ডিপার্টমেন্ট ফ্লাভিও বলসোনারো ও তার পরিবারকে ভিসা দেবে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেবে।

গত রবিবার বলসোনারো জানিয়েছিলেন, ভোটার অনিয়মের অভিযোগে তিনি ফল বাতিলের চেষ্টা করবেন। এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় মানেননি তিনি। তবে গত সোমবার তার লিবারেল পার্টি লুলার জয় স্বীকার করেছে। পাসপোর্ট জমার ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে তিনি কীভাবে দেশ ছাড়তে পারলেন, তা স্পষ্ট নয়। ফেডারেল পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কোনও নিয়মিত অভিবাসন পয়েন্ট দিয়ে বলসোনারো দেশ ছাড়েননি।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বলসোনারোর ছোট ভাই এদুয়ার্দো বলসোনারো ভোটের আগে বলেছিলেন, নির্বাচনে হারলে তার ভাইয়ের চলে যাওয়া দরকার হবে। এ মাসে পডকাস্টার স্টিভেন ক্রাউডারকে তিনি বলেন, আমার ভাই না জিতলে আমি চাইব, সে দেশ ছেড়ে চলে আসুক।

Leave a Reply

Your email address will not be published.