মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

প্রশান্তি ডেক্স॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গত বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দিনমজুর জাহেদ মাজার ভক্ত ছিলেন, গত বুধবার রাতে নিজ বাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ-এর মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কামরায় ঢুকে তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জায়েদ বেপারীর বড় মেয়ে ফারিয়া আক্তার বলেন, বাড়ির পাশেই মাজার আমার বাবা মাজারে প্রায় সময় রাতে ঘুমাতেন। আর ফরিদ পরিকল্পিতভাবে মাজারে ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করেন বাবাকে। তিনি মারা যাওয়ার আগে এই কথা বলে গেছেন। আমার বাবার হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকা-ের সঙ্গে জড়িত ফরিদ বেপারীকে গ্রেফতারে ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদক মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে। পূর্ব বিরোধ থেকে এই হত্যাকা- ঘটে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published.