বাংলাদেশ মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) ঘোষণা দিয়েছে, বাংলাদেশে গৃহীত প্রকল্পগুলো এখন থেকে সংস্থাটির অর্থায়নের যোগ্য বলে বিবেচিত হবে। গত সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগ সচল করার মাধ্যমে বাংলাদেশের বিপুল অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে সহায়তা করার ক্ষেত্রে এই নতুন যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

ডিএফসি জানায়, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে অঞ্চলটিতে স্থিতিশীলতা রক্ষায় কাজ করে, যা মিত্রতা জোরদার ও আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা করে। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার প্রসার ঘটলে বিনিয়োগের ঘাটতি পূরণ হবে এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সম্ভব হবে। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবার প্রসার এবং স্থানীয় ব্যবসা শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

এ বিষয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের এই যোগ্যতা অর্জন আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং টেকসই প্রবৃদ্ধি বয়ে আনা বেসরকারি বিনিয়োগ সচল করার এক গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারি।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের প্রকাশ্য অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবে রূপ দিতে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা আমাদের উভয় দেশের সমৃদ্ধিকে আরও বেগবান করবে।

উল্লেখ্য, বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির আবাসস্থল ইন্দো-প্যাসিফিক অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য ব্যাপক সুযোগ তৈরি করেছে। ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ শাখা হিসেবে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published.