প্রতিবাদের মুখে গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

প্রশান্তি ডেক্স॥ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) প্রশাসনের অনুমতি না থাকার কারণ দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠান বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পাশাপাশি তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন তারা। অনুমতি না থাকায় গত শুক্রবার মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না।

এ সময় তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচি দিয়ে প্রতিহত করবে হেফাজতে ইসলাম বলেও জানান মুফতি ইয়াকুব। অপরদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, ‘যেকোনও কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করবো।’

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published.