ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি না থাকলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ বা নিউক্লিয়ার হলোকাস্ট শুরু হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক ফোনালাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ মার্কিন সম্পর্কের রূপরেখা কী হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মন্তব্য করেন।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে; আমাদের (যুক্তরাষ্ট্রে) কাছে পৌঁছানোর সক্ষমতা নেই, কিন্তু ইউরোপে পৌঁছানোর সক্ষমতা তাদের আছে’।

ট্রাম্প দাবি করেন, আঞ্চলিক স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘সেক্ষেত্রে দেখা যাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে এবং সেখানে একটি পারমাণবিক ধ্বংসযজ্ঞ তৈরি হবে’।

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। তবে আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরানের নেতাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমি তাদের চিনতে পেরেছি, এবং সত্যি বলতে তারা উন্মাদ। তারা আসলেই উন্মাদ। সে কারণেই আমরা তাদের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেব না।

Leave a Reply

Your email address will not be published.