কসবায় আশ্রয়ণ প্রকল্পের মানুষের মানবেতর জীবন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েও মানবেতর জীবনযাপন করছেন অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবার। মাথা গোজার ঠাই মিললেও নানা নাগরিক, সামাজিক ও ধর্মীয় সুযোগ-সুবিধার অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে মৃত্যুর পর স্বজনদের মরদেহ দাফনের জন্য নির্দিষ্ট কবরস্থান না থাকায় চরম অনিশ্চয়তায় রয়েছেন বাসিন্দারা। পাশাপাশি সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্যও নেই কোনো নির্ধারিত স্থান।

সরকারের আশ্রয়ণ প্রকল্পের মূল উদ্দেশ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা। কিন্তু কসবার কয়েকটি আশ্রয়ণ প্রজেক্টের বাসিন্দাদের অভিযোগ, ঘর বরাদ্দ দেয়া হলেও তাদের জীবনযাপনের মৌলিক কিছু প্রয়োজনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে সরকারি ঘরে বসবাস করেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দারা জানান, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারগুলোর বিয়ে, সামাজিক অনুষ্ঠান, পারিবারিক মিলনমেলা কিংবা অন্যান্য আয়োজনের জন্য কোনো নির্ধারিত জায়গা নেই। ফলে এসব অনুষ্ঠান করতে গিয়ে তাদের অন্যের জায়গার ওপর নির্ভর করতে হয়। তবে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে মৃত্যুর পর দাফনের জায়গা নিয়ে। এদিকে আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। তাদের অভিযোগ, প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অনেক পরিবার এখনো সরকারি ঘর পায়নি। অথচ কিছু প্রভাবশালী বা সুবিধাভোগী ব্যক্তি একাধিক ঘর দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রকল্পের জমি ও ঘর নিয়ে কিছু বাসিন্দাকে হুমকি-ধমকি দেয়ার অভিযোগও উঠেছে। এ বিষয়ে কসবার ইউএনও মো. ছামিউল ইসলাম জানিয়েছেন, উল্লেখিত অনিয়ম ও অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহলের মতে, আশ্রয়ণ প্রকল্প সরকারের একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। তবে এ উদ্যোগের প্রকৃত সফলতা তখনই আসবে, যখন পুনর্বাসিত পরিবারগুলো শুধু ঘর নয়, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাসের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published.